বাবুলকে ইস্তফা না দেওয়ার অনুরোধ জে পি নাড্ডার
দি নিউজ লায়নঃ শনিবার রাজনীতির আঙিনাকে ‘কার্যত বিদায়’ বলে দিয়েছিলেন বিজেপির সংসদ সদস্য তথা গায়ক বাবুল সুপ্রিয়। তারপরেই বাবুলকে ফোন করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাতেই বাবুলের সঙ্গে কথা হয় নাড্ডার। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা না দেওয়ার অনুরোধ করেছেন। তাহলে কি এখনও নিজের অবস্থানে অনড় থাকবেন আসানসোলের সাংসদ?
সে প্রশ্নের উত্তরে অবশ্য ধোঁয়াশা জিইয়ে রাখলেন বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় লিখেছিলেন,'অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়। নিশ্চিত করছি। কেউ আমাকে ডাকেওনি। আমিও কোথাও যাচ্ছি না। আমি একটা দলেরই খেলোয়াড়। চিরকাল মোহনবাগানকে সমর্থন করে গিয়েছি। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিজেপিই করেছি। চললাম।' তারপরেই নড়েচড়ে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার রাতেই তড়িঘড়ি বাবুলকে ফোন করলেন জে পি নাড্ডা।

Post a Comment